চকরিয়ায় রহস্যজনক মৃত্যু: মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর
নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাট্টলি এলাকায় শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। ঘটনার খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানায়, নিহত গৃহবধূ পার্শ্ববর্তী শফি নামের এক ব্যক্তির বসতঘরে মোবাইল চার্জ দিতে যান। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে জানা যায়, তখন তিনি ইতিমধ্যেই মারা গেছেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
নিহত গৃহবধূ মোঃ শরীরের স্ত্রী এবং ১৮ মাস বয়সী এক সন্তানের জননী। তার আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, তিনি ঘটনার সম্পর্কে এখনো অবগত নন। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
স্থানীয়রা জানিয়েছে, এলাকার বসতঘরে অনিরাপদভাবে বৈদ্যুতিক সংযোগ এবং মোবাইল চার্জ দেওয়ার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা আশা করছেন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ
করবে।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হত্যার সম্ভাবনা উড়িয়ে দেয়নি কেউ, তাই তদন্তের পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত রহস্য।