চকরিয়ার রিংভংয়ে ইয়াবাসহ লামার মাদক ব্যবসায়ী মফিজ আটক
আদিল আহেম্মদ চৌধুরী ও নুরুল ইসলাম সুমন
কক্সবাজারের চকরিয়া উপজেলার রিংভং এলাকায় আজ সকাল ১১টা ইয়াবাসহ মফিজ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
আটক মফিজ বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাসী গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
জানা যায়, মালুমঘাট এলাকায় স্থানীয় জনগণ ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সহযোগিতায় পরিচালিত অভিযানে ইয়াবাসহ মফিজ এবং এক ক্রেতাকে আটক করা হয়।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, মফিজ তার বড় ভাই, কথিত সাংবাদিক ও একটি স্কুলের অধ্যক্ষ ফরিদুল আলম বাবলুর নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করতেন। কেউ প্রতিবাদ করলে মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় যুবদল নেতা মুন্না বলেন, “মফিজ তার বড় ভাইয়ের পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করতেন, যা অত্যন্ত নিন্দনীয়।”
চকরিয়া থানার কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।