
প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত
নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” শীর্ষক এ কর্মশালাটি শনিবার (০২ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে জমজম হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ ফয়জুর রহমান, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ অনিক সরকার পলাশ এবং অভিজ্ঞ অর্থোপেডিক্স সার্জন ডাঃ মোঃ বাবর আলী
কর্মশালায় বক্তারা বলেন, শিশুর সঠিক চিকিৎসা ও যত্ন নিশ্চিত করতে হলে জন্মের পরপরই নবজাতকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে মায়ের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ এবং নিরাপদ প্রসূতি সেবা নিশ্চিত করা জরুরি। তারা মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
অর্থোপেডিক্স বিষয়ক আলোচনায় বক্তারা হাড়-জোড় ও আঘাতজনিত সমস্যার আধুনিক চিকিৎসা পদ্ধতি, দ্রুত শনাক্তকরণ এবং সঠিক ব্যবস্থাপনার ওপর আলোকপাত করেন। বিশেষ করে দুর্ঘটনাজনিত আঘাতের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আলোচনায় আরও বলা হয়, প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবার মানোন্নয়নে চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ ও এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালাটি জমজম ট্রমা সেন্টারের সৌজন্যে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা অংশগ্রহণ করেন এবং সক্রিয়ভাবে মতবিনিময় করেন।