জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি স্কুল শিক্ষক তোহার উদ্দীন পলাতক
কক্সবাজার প্রতিনিধি
মহেশখালীর জে.এম. ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তোহার উদ্দীন জাল সনদ ও নিয়োগ জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় বর্তমানে পলাতক রয়েছেন।
এ ঘটনায় তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে।
অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ কর্তৃক ও ভুয়া কাগজপত্র তৈরি করে তাকে সহকারী শিক্ষক (বাংলা) পদে নিয়োগ দেন।
বিষয়টি পরবর্তীতে জানাজানি হলে অভিযোগের ভিত্তিতে মহেশখালী থানায় তদন্ত শুরু হয়।
তদন্তে তোহার উদ্দীনের দাখিলকৃত শিক্ষক নিবন্ধন সনদ ভুয়া বলে প্রমাণিত হয়।
এছাড়া বেনবেইস (BANBEIS) জরিপের তথ্য অনুযায়ী, ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত জে.এম. ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তালিকায় তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, যা নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের ইঙ্গিত দেয়।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে বিষয়টি আইনের আওতায় আনা হয়েছে।
বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।