চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক তরুণ প্রাণ
সাবেক কাউন্সিলর নুরুল আমিনের ছেলে শওকত হোসেন রাজের মৃত্যুতে শোকের মাতম
নুরুল ইসলাম সুমন
চকরিয়ার কেবি জালালউদ্দিন সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল এক সম্ভাবনাময় তরুণ প্রাণ। নিহত শওকত হোসেন রাজ (২১) চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে।
রোববার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবার, স্বজন ও পরিচিতদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে শওকত ছিলেন বড় সন্তান। ভাই-বোনদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত স্নেহের ও আদরের।
শওকত হোসেন রাজ ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২০২১ ব্যাচের একজন মেধাবী, শান্ত ও ভদ্র ছাত্র। বর্তমানে তিনি চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত ছিলেন। স্বপ্ন ছিল বড় কিছু করার, পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করার। কিন্তু নির্মম সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সেই স্বপ্নময় জীবন।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চকরিয়া পৌরসভার হিসাবরক্ষক শেফায়েত হোসেন বলেন,
“নুরুল আমিন কাউন্সিলর থাকাকালে শওকত প্রায়ই বাবার সঙ্গে পৌরসভায় আসত। ছেলেটি অত্যন্ত ভদ্র, নম্র ও বিনয়ী ছিল। তার মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত।”
শওকতের দুলাভাই তুহিন বলেন,
“শওকত হোসেন রাজ খুব অমায়িক স্বভাবের ছিল। তার ব্যবহার ও হাসিমুখ সবাইকে মুগ্ধ করত। এমন মৃত্যু মেনে নেওয়া খুব কষ্টের।”
তরুণ বয়সে এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহপাঠী ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।